নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ফাহিম (১৪) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বুধবার (১০ আগস্ট) দুপুরে আইয়ুব নগর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ফাহিম কুমিল্লার নাঙ্গলকোটের তারাচু গ্রামের মো. মনিরের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, আজ দুপুরের দিকে ফাহিম নামের ওই শ্রমিক দশতলা ভবনটির সাত তলা থেকে লিফটের অংশ দিয়ে সিমেন্টসহ বিভিন্ন রাবিশ ফেলছিল। কাজ করার সময় ভুলবশত পা ফসকে সে সাত তলা থেকে নিচে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান পিপিএম বার দৈনিক অধিকারকে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হবে। এছাড়া ওই শ্রমিকের মৃত্যুর জন্য ভবন মালিকের কোনো অবহেলা আছে কিনা তা খতিয়ে দেখা হবে।